সারাদেশ

ঝিনাইদহে ‘শোকাবহ আগস্ট’ লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ১১ আগস্ট ২০২৬ , ১:২১:৫৯ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায় ‘শোকাবহ আগস্ট’ উপলক্ষে একটি পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১০ আগস্ট) ভোররাতে ওয়াজির আলী স্কুলের সীমানাপ্রাচীরে কে বা কারা পোস্টারটি সাঁটিয়ে যায়।

স্থানীয়দের দাবি, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম শফিকুর ইসলাম অপুর বাড়ির পশ্চিম পাশে এবং জেলা বিএনপির কার্যালয়ের সামনে পোস্টারটি সাঁটানো হয়েছে।

পোস্টারে লেখা রয়েছে, ‘শোকাবহ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’ এছাড়া ‘শোকই শক্তি, শোকই অঙ্গীকার, ভুলব না কখনো আমরা তোমাকে, আজীবন শোকাবহ আগস্ট’ লেখা রয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে স্কুলের সীমানাপ্রাচীরে পোস্টারটি দেখতে পান তারা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মো. মোরসালিন উজ্জামান সাব্বির পোস্টারটি সাঁটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “ভোররাতে কে বা কারা পোস্টারটি সাঁটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে পোস্টার সাঁটানোর সঙ্গে জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content