সারাদেশ

তীব্র শীতে বিপর্যস্ত কুষ্টিয়ার জনজীবন

  হৃদয় রায়হান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥ ৬ জানুয়ারি ২০২৬ , ৭:৫৪:১২ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে জেলার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ভোররাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি থাকছে যে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

এই তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক, কৃষিশ্রমিক ও ছিন্নমূল জনগোষ্ঠী। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় তাদের আয়-রোজগারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শীতজনিত রোগে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। তবে শীত মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

রিকশাচালক আব্দুল করিম বলেন, “ভোরে বের হতে খুব কষ্ট হয়। শীতের কারণে যাত্রী কম, আয়ও কমে গেছে। শরীর কাঁপে, তবুও পরিবারের কথা ভেবে বের হতে হয়।”

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাসের কারণে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আগামী কয়েকদিন এই শীতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং রাত ও ভোরের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সচেতন মহলের মতে, এই পরিস্থিতিতে দ্রুত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জরুরি। পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা জোরদার করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছেন।

আরও খবর

Sponsered content