সারাদেশ

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: টাইলস মিস্ত্রি গ্রেপ্তার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১২ ডিসেম্বর ২০২৫ , ৭:০৭:৩৬ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে নিজ বাড়িতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোরছালিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযানে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।

মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইয়ুম তালুকদার জানান, হত্যার দুই দিন আগে মোরছালিন যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন। তদন্তে এ তথ্য গুরুত্বপূর্ণ বলে পুলিশ মনে করছে। তিনি আরও জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) মোরছালিনকে নিয়ে পুলিশ যোগেশ চন্দ্রের বাড়ির পাশ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে যাবে।

এর আগে, গত শনিবার দিবাগত রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে নৃশংসভাবে হত্যা করা হয়। রোববার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে তাঁদের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

ঘটনার পর নিহতের বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতনামা আসামি করে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলার অগ্রগতিতে এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হলো।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোরছালিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।”

পুলিশ জানায়, হত্যার রহস্য উদ্ঘাটন ও অন্যান্য সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content