সারাদেশ

খুলনায় গুলি করে যুবদল কর্মীকে হত্যা

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ , ৫:১২:৪১ প্রিন্ট সংস্করণ

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ফখরুল শেখ (৩৫) রূপসা উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে ও যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। তিনি নিজেও রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, নিহতের ভাই ফরহাদ ও শরিফুল ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটা পরিচালনা করে আসছেন। ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে তিনি রাতে সেখানে পাহারা দিতেন। গতকাল মঙ্গলবার রাতে ইটভাটায় অবস্থান করছিলেন ফখরুল। সে সময় রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে তার বড় ভাই ফরহাদ দ্রুত সেখানে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা পরিবারের সদস্যরা নিশ্চিত করে বলতে পারেননি। হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। ’

আরও খবর

Sponsered content