মোঃ আলমগীর হোসেন লেবু, তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা ২৭ এপ্রিল ২০২৫ , ১:৪৯:১২ প্রিন্ট সংস্করণ
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা: মুসলমানদের পবিত্র স্থান মদিনা শরীফকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কিশোরের পোষ্টকে কেন্দ্র করে রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাইবার নিরাপত্তা আইনে মামলায় ৩ যুবককে
গ্রেফতার করার পর বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের বারোঘড়িয়া গ্রামের ভবেশ রায়ের ছেলে আশীষ কুমার
রায় ওরফে আশিক (১৭), অধীর চন্দ্র রায়ের ছেলে মৃত্যুঞ্জয় রায় ওরফে মিথুন (১৯) ও রঞ্জিত রায়ের ছেলে মৃনাল বাবু (১৬)।
মামলা ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল যুবক আশীষ কুমার রায় আশিক তার বারোঘড়িয়া গ্রামের সঙ্গীয় আরো ৪ যুবককে সাথে নিয়ে নিজস্ব ফেসবুক আইডিতে মুসলিম ধর্মের পবিত্র স্থান মদিনা শরীফকে নিয়ে কটুক্তি করে একটি পোষ্ট দেন। এরপর মুসলিম ধর্মাবলম্বী ফেসবুকধারীদের মধ্যে লেখালেখিতে ঝড় ওঠে। এলাকায় তোলপাড় শুরু হলে এক পর্যায়ে গত ২৩ এপ্রিল বিকেলে ঘন্টাব্যাপী রংপুর দিনাজপুর মহাসড়কের বামনদীঘি নামক স্থানে কটুক্তিকারীদের গ্রেফতারের দাবীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা মানববন্ধনে উপস্থিত হয়ে মানববন্ধনে অংশগ্রহনকারীদেরকে মদিনা শরীফকে নিয়ে কটুক্তিকারী যুবকদেরকে শীগ্রই গ্রেফতার করার প্রতিশ্রুতি দিলে মানববন্ধন তুলে নেয়া হয়। পরে ওই দিন রাতেই ৫ যুবকসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে তারাগঞ্জ থানায় একটি মামলা হলে মামলার তদন্তকারি কর্মকর্তা ও তারাগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম একদল পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে উপরোক্ত ৩ যুবককে গ্রেফতার করেন। তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, সাইবার ক্রাইম আইনে ৬ জন আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।




















