সারাদেশ

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার

  সাঈদ ইবনে হানিফ, যশোর: ১১ আগস্ট ২০২৬ , ১:১৩:৪৯ প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো. কাইয়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাইয়ুম কেরানীগঞ্জের মুসলিমনগর এলাকার বাসিন্দা। মামলার অপর আসামি তার স্ত্রী নূরজাহান বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারি বাঘারপাড়া উপজেলার ঘোপ দুর্গাপুর গ্রামের যুবক সোহেল রানা জুয়েলকে অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার কথা বলে কাইয়ুম ও তার সহযোগীরা ১২ লাখ টাকা নেন। পরে তাকে প্রথমে দুবাই এবং সেখান থেকে কাজাখস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতন করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে নিঃস্ব অবস্থায় সেখান থেকে পালিয়ে দেশে ফেরেন সোহেল রানা জুয়েল। এ ঘটনায় তার স্ত্রী মুক্তা বেগম গত ৬ এপ্রিল বাঘারপাড়া থানায় মানবপাচারের অভিযোগে মামলা করেন। মামলায় কাইয়ুম ও তার স্ত্রী নূরজাহানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

বাঘারপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, “মামলার অপর আসামি নূরজাহান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে তাকেও আইনের আওতায় আনা হবে।”

আরও খবর

Sponsered content