প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ , ২:৪২:২৭ প্রিন্ট সংস্করণ
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘রাষ্ট্রকাঠামোর সর্বক্ষেত্র থেকে ফ্যাসিবাদ দূর করতে হবে।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আসন্ন ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।’
সভায় রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, সার্বিক লজিস্টিক সহায়তা প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণসংক্রান্ত সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ চূড়ান্ত করা হয়।
এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও অন্যান্য প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ নির্বাচন পরিচালনা করবেন।
প্রস্তুতিমূলক সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।















