জাতীয়

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন করবে সরকার

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০৪:৪২ প্রিন্ট সংস্করণ

রাজধানীর পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের ইশতেহারের মধ্যেও আছে। আমরা বিডিআর (বিদ্রোহের) ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী গণহারে হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব মানুষ মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে আছেন, সেসব মামলা পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর বেশকিছু মামলায় অনেক ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে। অনেক মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে তাদের ভোগান্তি যেন না হয় সে ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা ও জনমনে স্বস্তি শান্তি দেওয়া।

এক প্রশ্নের জবাবে ‍সালাউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে মব কালচার শেষ। যদি কোথাও হয়ে থাকে আমরা অ্যাড্রেস করব। মব কালচারের বিরুদ্ধে আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মবকালচার থাকবে না। মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারক লিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে আদালতে যাবে।

আরও খবর

Sponsered content