কৃষি বার্তা

নোয়াখালীতে প্রবাসী উদ্ধারকালে হামলার শিকার সাবেক ইউপি চেয়ারম্যান নূর রহমান, মিথ্যা মামলায় গ্রেপ্তার

  নোয়াখালী প্রতিনিধি॥ ১৩ আগস্ট ২০২৫ , ১:৪১:১৭ প্রিন্ট সংস্করণ


নোয়াখালী জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর রহমান সন্ত্রাসীদের হাত থেকে এক প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে নিজেই হামলার শিকার হয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আমানউল্লাহপুর বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে নূর রহমান জানান, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কাতার প্রবাসী শহীদ আলম দেশে ফেরার পথে ফেনীর লালপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে আটক হন। সন্ত্রাসীরা তাকে মারধর করে মুক্তিপণ দাবি করে। শহীদ আলম মুঠোফোনে নূর রহমানকে অবস্থা জানালে তিনি স্থানীয় ইউপি মেম্বারসহ দুইজনকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে সন্ত্রাসীরা তাদের মারধর করে রাতভর আটক রাখে এবং সাদা চেকে স্বাক্ষর নিতে বাধ্য করে।

পরবর্তীতে ওই চেকের মামলা দেখিয়ে গত ২৯ জুলাই নূর রহমানকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “একজন সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকার মানুষের বিপদে পাশে দাঁড়ানো কি অপরাধ? আমাকে পরিকল্পিতভাবে অপমান করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।” তিনি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।

প্রবাসী শহীদ আলম জানান, তিনি কাতারে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করতেন যেখানে ফেনীর কয়েকজন কর্মচারী ছিলেন। দেশে ফেরার সময় তাদের কাছে স্বাক্ষরিত চেক রেখে আসেন। ওই চেক ব্যবহার করে তারা প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে যায়। মামলা করলে তারা সমঝোতার আশ্বাস দিয়ে ফেনীতে ডেকে এনে তাকে মারধর ও মুক্তিপণ দাবি করে।

নূর রহমানকে খবর দিলে সন্ত্রাসীরা তাকেও আটক করে সাদা চেকে স্বাক্ষর নেয় এবং মিথ্যা মামলায় হয়রানি করছে বলে অভিযোগ। নূর রহমান ছয়দিন জেল খেটেছেন।

শহীদ আলম ও নূর রহমান উভয়েই সরকারের কাছে মিথ্যা মামলা থেকে মুক্তি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধন শেষে এলাকাবাসী ন্যায়বিচারের জন্য আহ্বান জানান।

আরও খবর

Sponsered content