ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ১৩ আগস্ট ২০২৫ , ১:০১:৩৭ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের যৌক্তিকতা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা–পাবনা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনের দাবিতে আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ। আলোচনায় অংশ নেন পরিকল্পনা কর্মকর্তা চন্দন মন্ডল, গবেষণা কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম।
আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে ডিপিপি অনুমোদনের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও যৎসামান্য অঙ্কের (৫১৯ কোটি ১৫ লাখ টাকা) ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। গত ২৬ জুলাই “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস” কর্মসূচি বয়কট করে তারা এ দাবিতে আন্দোলন শুরু করে। সমস্ত শর্তপূরণ ও প্রমাণক জমা দেওয়ার পরও ডিপিপি অনুমোদনে গড়িমসি কেন হচ্ছে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহল ও স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেছেন।
সচেতন মহলের প্রশ্ন—প্রতিষ্ঠার প্রায় এক দশক পরও বারবার সংশোধন সত্ত্বেও কেন এই বরাদ্দ অনুমোদন পাচ্ছে না, এবং এর পেছনে কী জটিলতা রয়েছে।














