প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৭:০৫:৪১ প্রিন্ট সংস্করণ
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি মুম্বইয়ের জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত সময় কাটাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই তাকে গোপনে ক্যামেরাবন্দি করা হয়। শুক্রবার সকাল থেকে সেই ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়।
অভিনেত্রীর অনুরাগীদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন সহকর্মী সোনাক্ষী সিনহাও। তিনি সরাসরি বলেন—“আপনাদের সমস্যাটা কোথায়? একজন নারীর অনুমতি ছাড়া তার নিজের বাড়িতেই তাকে গোপনে ক্যামেরাবন্দি করছেন এবং সেই ছবি নিজেদের পোর্টালে প্রকাশ করছেন—আপনারা তো অপরাধীর চেয়ে কোনও অংশে কম নন। ছি, লজ্জাজনক!”
বলিউড সূত্রে জানা গেছে, ভারতের একটি জাতীয় পর্যায়ের জনপ্রিয় সংবাদ পোর্টালই এই গোপনীয়তা ভঙ্গের ঘটনায় জড়িত। তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, অন্তঃসত্ত্বা ক্যাটরিনা একান্তে সময় কাটাচ্ছেন বারান্দায়।
অভিনেত্রীর ভক্তদের দাবি, এই ঘটনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, “কোথায় গোপনীয়তা? এটা ওর বাড়ি, তবুও কেন এই ছবি তোলা হলো?”—আরেকজনের মন্তব্য, “গোপনীয়তা ভঙ্গ বলে একটা শব্দ আছে, অন্তত নিজের ঘরে ওদের একা থাকতে দিন।”
উল্লেখ্য, আগামী নভেম্বর মাসেই ভিকি কৌশল ও ক্যাটরিনার প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা। এমন সংবেদনশীল সময়ে এই অনভিপ্রেত ঘটনায় বিরক্ত বলিউডের বহু তারকাই।





















