কৃষি বার্তা

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় গাঁজা, মদ ও পণ্য জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১২ আগস্ট ২০২৫ , ২:৩৮:৩১ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত চার দিনে সাতটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং দামী শাড়িসহ মোট ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকার পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি টহল দল তল্লাশি চালিয়ে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে যার সিজার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

অন্যদিকে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামী শাড়ি জব্দ করে যার মূল্য ৪৯ লাখ ৪৩ হাজার টাকা।

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে যার সিজার মূল্য ১ লাখ ১৪ হাজার ২৫০ টাকা।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও চোরাচালানবিরোধী অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১টি বাইসাইকেল আটক করে যার সিজার মূল্য ২৬ হাজার টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখা আমাদের প্রধান লক্ষ্য। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে যা দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে।”

জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে এ পর্যন্ত ৩৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও পণ্য আটক করা হয়েছে।

আরও খবর

Sponsered content