দ্যুতিদীপন বিশ্বাস: ১৫ অক্টোবর ২০২৬ , ১২:৪৮:৩৭ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেছেন মোমেনা খাতুন (২৪) নামে এক সন্তানের জননী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক আলামিনকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আশাশুনির কুল্যার মোড় এলাকার আনিস মোড়লের মেয়ে মোমেনার সঙ্গে উত্তর চাপড়া গ্রামের জিনারুল ইসলামের ছেলে আলামিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাদের এই সম্পর্কের সূত্রপাত হয়। একপর্যায়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে কিছুদিন একসঙ্গে বসবাস করেন বলে জানা গেছে।
সম্প্রতি মোমেনা আলামিনকে বিয়ের কথা বললে তিনি তাতে রাজি হননি এবং যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় মোমেনা বিয়ের দাবিতে আলামিনের বাড়িতে গিয়ে অবস্থান নেন। এ সময় আলামিন ও তার পরিবারের সদস্যরা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানালে তিনি সঙ্গে থাকা বিষপান করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলামিনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















