মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ১:০৫:২৫ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণ নিয়ে অনেকেই দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। এ কারণে চলতি বছরের ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সেশনকে কেন্দ্র করে ভর্তিতে আগ্রহ বেড়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন এএসএসইটি (ASSET) প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সেশনে ৩ মাস মেয়াদী ৫টি কোর্স—কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, সিভিল কনস্ট্রাকশন (মেসন) এবং মোটর ড্রাইভিং—এ ২৪ জন করে মোট ১২০ জন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন, সম্পূর্ণ বিনামূল্যে।
টিটিসির প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, “প্রতি তিন মাস পরপর নতুন ব্যাচ ভর্তি হয়। দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করলে দেশে-বিদেশে চাকরির সুযোগ পাওয়া যায়। এবার মোহনপুর ছাড়াও আশপাশের জেলা ও উপজেলা থেকে ৬২৮ জন ভর্তি ফরম তুলেছেন।”
প্রশিক্ষণরত শিক্ষার্থীরা জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে অবস্থিত এ টিটিসিতে প্রশিক্ষকরা অত্যন্ত যত্ন সহকারে প্রশিক্ষণ দেন। নিয়মিত তদারকি ও কঠোর মান নিয়ন্ত্রণের কারণে কোর্সগুলোর মান উন্নত হয়েছে, ফলে ভর্তি পরীক্ষা দিতে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোর্সের সংখ্যা বাড়লে স্থানীয় বেকারত্ব আরও কমবে।
মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ গোলাম রাব্বানী বলেন, “প্রশিক্ষণ প্রদানে আমরা কোনো ত্রুটি করি না। অনেকেই এখানে প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়েছেন। এবার আগের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন। যারা সুযোগ পাবেন না, তারা পরবর্তী ব্যাচে আবেদন করতে পারবেন।”
তিনি আরও জানান, ইতিমধ্যে দেশ-বিদেশ প্রকল্পের আওতায় ৪০ জনকে ৩ মাসের মোটর ড্রাইভিং কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন প্রকল্পের মাধ্যমে সেবার মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।




















