সারাদেশ

প্রবাসী ছেলেকে নিয়ে ফেরার পথে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ২ জুন ২০২৬ , ১০:২৬:৪৫ প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়া প্রবাসী সন্তানকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।

মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ফরিদপুরের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোশালনগর গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ হোসেন (৩০), তাকে রিসিভ করতে যাওয়া ছোট ছেলে রাকিব হোসেন (২০), মেয়ে আয়শা খাতুন (৩৫), স্ত্রী নুরজাহান বেগম (৫৫) এবং প্রাইভেটকারচালক মনিরামপুর উপজেলার চালুহাটি গ্রামের জাহিদ হোসেন (৩৫)। পরে চিকিৎসাধীন অবস্থায় আয়শা খাতুনের ছেলে হুসাইন (৮) মারা যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আয়শা খাতুনের মেয়ে তাসফিয়া খাতুন (৩)। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মালয়েশিয়া থেকে দেশে ফেরা আরিফ হোসেনকে গ্রহণ করতে পরিবারের সদস্যরা সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। গভীর রাতে তাকে নিয়ে একটি প্রাইভেটকারে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা।

পথিমধ্যে ফরিদপুরের মালিগ্রাম এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অন্যরা গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হুসাইনের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মর্মান্তিক এ দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে খোশালনগর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে পরিবারের এত সদস্যের প্রাণহানিতে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

আরও খবর

Sponsered content