সারাদেশ

জমির দ্বন্দ্বের জেরে আমতলীতে চাচাত ভাই খুন

  মেহেদী হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১১:৩১:২০ প্রিন্ট সংস্করণ

 

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে জহিরুল ইসলাম সিকদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১টায়, তার নিজ বাড়ির সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুর সিকদার ও তার আপন ভাই ফরিদ সিকদারের মধ্যে পৈত্রিক সূত্রে পাওয়া ২৬ শতাংশ (৮ কড়া) জমি নিয়ে দীর্ঘ ২৫–৩০ বছর ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে এই দ্বন্দের জের ধরে মুনসুর সিকদার ছুরি নিয়ে ফরিদ সিকদারের ওপর হামলা চালাতে গেলে জহিরুল ইসলাম বাধা দেয়। এসময় মুনসুর সিকদার তার বাম পাজরে ছুরি বসিয়ে দেন, ফলে জহিরুল ঘটনাস্থলে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাশেদ মাহমুদ রোকনুজ্জামান মৃত্যু ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে মুনসুর সিকদারকে হত্যার ব্যবহৃত ছুরিসহ আটক করা হয়েছে। তার স্ত্রী শেফালি বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ও নিহতের পরিবার অভিযোগ করেছেন, দীর্ঘদিনের জমির বিরোধই এই হত্যার মূল কারণ। নিহত জহিরুলের স্ত্রী ও মা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

আরও খবর

Sponsered content