স্টাফ রিপোর্টার, দৈনিক মতপ্রকাশ ১৭ নভেম্বর ২০২৫ , ৮:০৯:০৬ প্রিন্ট সংস্করণ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ডাম্পিং এলাকায় রাখা পরিত্যক্ত একটি লেগুনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল ও থানা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানান, রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—ডাম্পিংয়ে থাকা লেগুনাটিতে আগুন দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, “দুজন ব্যক্তি পরিত্যক্ত গাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঠিক সেই সময় থানায় জিডি করতে আসা এক নারীর চিৎকারে তারা দ্রুত সটকে পড়ে।”
প্রত্যক্ষদর্শী ওই নারী জানান, “থানার ভেতর আগুন জ্বলে উঠতেই চিৎকার করি। দুইজনকে দৌড়ে পালাতে দেখেছি, তবে অন্ধকারের কারণে চিনতে পারিনি।”
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন দৈনিক মতপ্রকাশ–কে বলেন, “এটি অগ্নিসংযোগ নাকি আবর্জনার স্তুপ থেকে সৃষ্ট আগুন—এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার সত্যতা জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”




















