মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি ১ জুন ২০২৬ , ৫:২০:৫৬ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুর-বাঘা সড়কের মঞ্জিল পুকুর এলাকায় এক ভ্যানচালককে মারধর করে তার ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ভ্যানচালক কলিমউদ্দিন (৫৬) গুরুতর আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলিমউদ্দিন তার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে লালপুর-বাঘা সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে মঞ্জিল পুকুর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে।
এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে তার অটোভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে পথচারী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।




















