প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১২:১১:৫১ প্রিন্ট সংস্করণ
ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। তবে অনেক সময় অসুস্থতা, বার্ধক্য কিংবা মৃত্যুর কারণে কেউ নিজে হজ আদায় করতে পারেন না। এমন পরিস্থিতিতে ইসলামে রয়েছে ‘বদলি হজ’-এর বিধান, অর্থাৎ অন্য কাউকে দিয়ে তার পক্ষ থেকে হজ সম্পন্ন করানো।
বর্তমান সময়ে বয়সজনিত সমস্যা, দীর্ঘমেয়াদি অসুস্থতা ও হজের ব্যয় বৃদ্ধির কারণে বদলি হজ সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন।
বদলি হজ কী
কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হওয়ার পর তিনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন এবং নিজে হজে যেতে না পারেন, তাহলে তার পরিবর্তে অন্য কেউ তার পক্ষ থেকে হজ আদায় করতে পারেন। ইসলামী শরিয়তে এটিকে বদলি হজ বলা হয়।
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বৃদ্ধ বাবা-মা কিংবা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ আদায়ের অনুমতি দিয়েছেন। ইসলামী বিধান অনুযায়ী, এটি আল্লাহর হক আদায়ের একটি উপায় হিসেবে বিবেচিত।
যাদের জন্য বদলি হজ বৈধ
সব ক্ষেত্রে বদলি হজ করা যায় না। কেউ সুস্থ ও সক্ষম থাকা অবস্থায় অন্যকে দিয়ে হজ করাতে পারবেন না। নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে কেবল বদলি হজের অনুমতি রয়েছে। যেমন—
১. এমন দীর্ঘমেয়াদি অসুস্থতা, যেখান থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই
২. বার্ধক্যের কারণে চলাফেরা বা সফর করার সক্ষমতা হারানো
৩. পক্ষাঘাত বা গুরুতর শারীরিক অক্ষমতা
৪. হজ ফরজ হওয়ার পর আদায় না করেই মৃত্যুবরণ করা
৫. নারীদের ক্ষেত্রে নিরাপদ সফর বা মাহরাম সঙ্গীর অভাব
৬. মৃত্যুর পর বদলি হজের বিধান
কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পর তা আদায় না করেই মারা গেলে, তার রেখে যাওয়া সম্পদ থেকে বদলি হজ করানোর ব্যবস্থা করা ওয়ারিশদের দায়িত্বের মধ্যে পড়ে। বিশেষ করে যদি তিনি জীবদ্দশায় এ বিষয়ে অসিয়ত করে যান, তবে তা বাস্তবায়ন করা জরুরি।
গুরুত্বপূর্ণ কিছু মাসআলা
ইসলামী শরিয়ত অনুযায়ী, কেউ যদি অসুস্থতার কারণে বদলি হজ করান এবং পরে সুস্থ হয়ে যান, তাহলে তাকে নিজে গিয়ে আবার হজ আদায় করতে হবে। কারণ আগের বদলি হজটি তখন নফল হিসেবে গণ্য হবে। এ ছাড়া কেউ হজের উদ্দেশ্যে রওনা হওয়ার পর মক্কায় পৌঁছানোর আগেই মারা গেলে, অনেক আলেমের মতে তার ওপর থেকে হজের দায়িত্ব উঠে যায়।
বদলি হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা অসহায় ও অক্ষম মুসলমানদের জন্য সহজতার সুযোগ তৈরি করেছে। তবে এটি করার আগে শরিয়তের নিয়ম ও শর্তগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি।




















