ঠাকুরগাঁও প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৩:২৯:৩৩ প্রিন্ট সংস্করণ
১৯৭১ সালের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে এদেশের মানুষের কোনো আপস হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিকভাবে ব্যবহারকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “একটি চক্র ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবার ও মেয়েদের ওপর নির্যাতন চালিয়েছিল। তাদের সঙ্গে এদেশের মানুষের কোনো আপস হতে পারে না। এজন্য মুক্তিযোদ্ধাদের আবারও গর্জে উঠতে হবে।”
ধর্মীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের ধর্মপ্রাণ মানুষদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে যারা সুবিধা নিতে চায়, তাদের প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনকে বানচাল বা পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এখন অত্যন্ত জরুরি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার—প্রফেসর ইউনূস যেন দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “চেষ্টা চলছে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার। ১৯৭১ সালের শহীদদের আত্মত্যাগ, আমাদের মা-বোনদের ত্যাগ কোনোভাবেই ভোলা যাবে না। ৭১ কে ভুলে যাওয়া মানে নিজের জন্মকে অস্বীকার করা।”
ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না। হিন্দু-মুসলমান সবাই মিলেই এই দেশ স্বাধীন করেছি, একসঙ্গে থাকতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ মুক্তিযোদ্ধা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।















