সারাদেশ

ফেনী ল’ কলেজে ভর্তি ও ফরম ফি নিয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

  নিজস্ব প্রতিনিধি, ফেনী: ৬ এপ্রিল ২০২৬ , ৭:৪৭:১৫ প্রিন্ট সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফেনী ল’ কলেজে ভর্তি ফি ও পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বিগত দুই বছর ধরে এ ধরনের আর্থিক অনিয়ম চলছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এলএলবি ১ম পর্বে ভর্তি ফি নির্ধারণ করেছে ১,৫৩৫ টাকা। অথচ ফেনী ল’ কলেজে এ খাতে আদায় করা হচ্ছে প্রায় ২০ হাজার টাকা। যেখানে দেশের অন্যান্য ল’ কলেজ—যেমন চট্টগ্রাম, পটিয়া, কক্সবাজার, মাদারীপুর, ঢাকা সেন্ট্রাল ও বরিশাল ল’ কলেজে ভর্তি ফি ১১ থেকে ১২ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ।

একইভাবে, এলএলবি ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি ৬,১০০ টাকা হলেও ফেনী ল’ কলেজে আদায় করা হচ্ছে ১২ হাজার টাকা। অন্যদিকে অন্যান্য কলেজে এ ফি ৭,১০০ থেকে ৮,০০০ টাকার মধ্যে রাখা হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম পর্বের শিক্ষার্থীরা অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিতে কলেজের অধ্যক্ষ একেএম মাজহারুল হকের কাছে লিখিত আবেদন জমা দিতে গেলে তিনি তা গ্রহণ করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষ তাদের জানান যে আর্থিক বিষয়টি তার এখতিয়ারের বাইরে এবং এটি কলেজের সভাপতি তথা জেলা প্রশাসকের সিদ্ধান্তাধীন।

তবে সংশ্লিষ্টরা বলছেন, অধ্যক্ষ পদাধিকারবলে গভর্নিং বডির সদস্য সচিব হিসেবে যে কোনো বিষয় বোর্ড সভায় উত্থাপন করতে পারেন এবং তার সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত গৃহীত হওয়ার সুযোগ নেই।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, অধ্যক্ষ সরাসরি জানিয়েছেন যে নির্ধারিত ১২ হাজার টাকা ছাড়া ফরম পূরণের অনুমতি দেওয়া হবে না। এমনকি অন্য কলেজে কম ফি নেওয়া হলে সেখানে বদলি হয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

এ পরিস্থিতিকে ‘বৈষম্যমুক্ত শিক্ষাব্যবস্থার পরিপন্থী’ আখ্যা দিয়ে শিক্ষার্থীরা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অতিরিক্ত ভর্তি ও ফরম ফি আদায় বন্ধ করে স্বল্প খরচে আইন শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

আরও খবর

Sponsered content