সারাদেশ

ঝিনাইদহে এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্রদলের পাল্টা মামলা

  তানভীর সরদার,স্টাফ রিপোর্টারঃ ২৩ মে ২০২৬ , ৭:০৪:৫৯ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এবার এনসিপি নেতাদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ মে) ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির।

মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী তারেকুল ইসলাম তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান আশিক, সিয়াম উদ্দিন তুর্য, তানাঈম, আসিফ, অয়ন রহমান খান, তাইন, জয়নাল, আলমগীর, শাহরিয়ার অভীক, লাবাবুল বাশার লাবু, শিহাব শাহ, নয়ন, সুলতান, হৃদয়, রুবায়েত হাসান তুর্য, শেখ সামি, রিফাত, হাকিম, কাইসার ও ইমরানসহ আরও অনেকে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে (শুক্রবার) দুপুরে বাদী মো. এনামুল কবির ঝিনাইদহ পৌরসভার পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তিনি দেখতে পান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী জেলা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন।

বাদীর অভিযোগ, বক্তব্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হচ্ছিল। এ সময় তিনি ও কয়েকজন মুসল্লি প্রতিবাদ জানালে এনসিপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলার সময় বাদীকে মারধর করা হয় এবং ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষায় এগিয়ে এলে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি হৃদয় হোসেন ও জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদারসহ আরও কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে এনসিপির পক্ষ থেকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এর ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা মামলা দায়ের করা হলো।

আরও খবর

Sponsered content