প্রচ্ছদ

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগ: ঝিনাইদহে পরিচ্ছন্নতা ও পলিথিনবিরোধী অভিযান শুরু

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টারঃ ২৮ জুলাই ২০২৫ , ২:৩৯:২৯ প্রিন্ট সংস্করণ


জুলাই মাসের স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঝিনাইদহে শুরু হয়েছে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতামূলক অভিযান। ‘স্বচ্ছ শহর, সজাগ ইতিহাস’ স্লোগানে সোমবার (২৮ জুলাই) সকালে শহরের দেবদারু এভিনিউতে শুরু হয় পরিচ্ছন্নতা ও পলিথিনবিরোধী কার্যক্রম।

এই অভিযানে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থী। হাতে ঝাড়–, বেলচা ও কোদাল নিয়ে তারা শহরের সড়ক, বসবাসযোগ্য এলাকা ও বিভিন্ন স্থাপনা পরিষ্কার করেন। চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।

শিক্ষার্থীরা জানান, ঝিনাইদহ জেলা পরিষদের সহযোগিতায় তাদের এ উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ স্থানে চলবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। পাশাপাশি পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করে, এর ব্যবহার বন্ধে আহ্বান জানানো হচ্ছে।

শিক্ষার্থী ইলমা খাতুন বলেন, “শহর আমাদের, তাই এ শহর পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। আমরা চাই পরিবেশবান্ধব একটি জীবনযাপন গড়ে উঠুক। এজন্যই আমাদের এই উদ্যোগ।”

আয়োজকরা জানান, শহরের পরিচ্ছন্নতা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে এই কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ছাত্রছাত্রীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয়দের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

আরও খবর

Sponsered content