প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৪৪:৩২ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোংলায় অসহায় ও দুঃস্থ ১ হাজার ৪০০ পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে। ঢাকার সামাজিক সংগঠন বাঙ্গালী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি পরিবারের হাতে এক কেজি করে মাংস তুলে দেওয়া হয়।
শনিবার বিকেলে মোংলা পৌর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে দুঃস্থ নারী-পুরুষের হাতে মাংস তুলে দেন বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মোংলার অসহায় ও দুঃস্থ মানুষের জন্য ১৫টি গরু জবাই করে মাংস বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটানোও বড় ধরনের তৃপ্তির বিষয়।’ ভবিষ্যতেও সামাজিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় চাপ বেড়েছে। তাদের পুষ্টির চাহিদা পূরণ এবং উৎসবের আনন্দে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় দুঃস্থ পরিবারের সদস্যরা। এ ধরনের উদ্যোগের জন্য তারা বাঙ্গালী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।















