সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, পলিটেকনিক শিক্ষার্থী আটক

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ১৬ মে ২০২৬ , ১:৫২:১৯ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক বৃদ্ধকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির চেষ্টার অভিযোগে আল শিহাব (২০) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আল শিহাব গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে এক বৃদ্ধকে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে ঘিরে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

পরে তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পরিচয়পত্র দেখতে চান। তবে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা সরকারি কাগজপত্র পাওয়া যায়নি বলে জানা গেছে।

একপর্যায়ে স্থানীয়রা তাকে ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা করছেন বলে সন্দেহ করে আটক করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হক পিপিএম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content