সারাদেশ

কুড়িগ্রামে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়নে জেলা মনিটরিং সেলের সভা

  ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি | ২০ জানুয়ারি ২০২৬ , ১২:৩৭:৩৮ প্রিন্ট সংস্করণ


গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি–২০১৫ বাস্তবায়নে কুড়িগ্রাম জেলা মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক এ বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হালিম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক সুবল কুমার প্রামাণিকসহ জেলা মনিটরিং সেলের সদস্য প্রতিনিধিরা।

সভায় রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক তুষার কান্তি রায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি–২০১৫ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এতে গৃহকর্মী নিয়োগ ও চুক্তি, শোভন কাজ, মজুরি, প্রসূতিকালীন সুবিধা, প্রশিক্ষণ, চিকিৎসা, ধর্ম পালনের অধিকার, দুর্ঘটনায় ক্ষতিপূরণ এবং নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন অধিকার নিশ্চিতকরণ বিষয়ে প্রজ্ঞাপনের সুস্পষ্ট উল্লেখ করা হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, গৃহকর্মে নিয়োজিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম ও আইন শাখা প্রণীত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি–২০১৫’ নামে প্রজ্ঞাপনটি ৪ জানুয়ারি ২০১৬ তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। তবে দীর্ঘদিন ধরে এ নীতিটি কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। এটি বাস্তবায়নে সম্প্রতি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তারা আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে অবহিত করা জরুরি। এ লক্ষ্যে সকল মনিটরিং সেল নিজ নিজ দায়িত্ববোধ থেকে সমাজের অতিপ্রয়োজনীয় পেশাজীবী গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণে সক্রিয়ভাবে কাজ করবে বলে আশ্বাস দেন বক্তারা।

আরও খবর

Sponsered content