সারাদেশ

শ্রমিক সংকটে কৃষকের পাশে এমপি ফজলে হুদা বাবুল, মাঠে নেমে কাটলেন পাকা ধান

  নওগাঁ প্রতিনিধি: ১৬ মে ২০২৬ , ৯:২০:১৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মহাদেবপুরে শ্রমিক সংকটে পড়া এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।

শনিবার সকালে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকায় গিয়ে কাস্তে হাতে মাঠে নামেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় কৃষক আলম হোসেনের প্রায় দেড় বিঘা জমির ধান কাটেন এবং তা কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

রাজনৈতিক নেতাকে সরাসরি মাঠে নেমে কৃষিকাজ করতে দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।

স্থানীয় বাসিন্দা উজ্জ্বল বলেন, “নেতাদের সাধারণত সভা-সমাবেশেই দেখা যায়। কিন্তু একজন সংসদ সদস্যকে মাঠে নেমে কৃষকের সঙ্গে কাজ করতে দেখে ভালো লেগেছে।”

আরেক স্থানীয় বাসিন্দা বিশু বলেন, “শুধু বক্তব্য নয়, বাস্তবে মানুষের পাশে দাঁড়ানোই গুরুত্বপূর্ণ। এতে কৃষকরাও উৎসাহ পান।”

কৃষক আলম হোসেন বলেন, “গত ৮-১০ দিন ধরে শ্রমিক সংকটের কারণে জমির ধান কাটতে পারছিলাম না। ঝড়-বৃষ্টির আশঙ্কায় খুব চিন্তায় ছিলাম। হঠাৎ এমপি সাহেব নেতাকর্মীদের নিয়ে এসে ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ।”

ধান কাটা শেষে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি চলছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষকদের সহায়তায় নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।”

আরও খবর

Sponsered content