শিক্ষা ও শিক্ষাঙ্গন

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে বিশ্ব স্থাপত্য দিবস উদযাপন

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৬ , ১:০৫:২০ প্রিন্ট সংস্করণ

‘আবাসন মানুষের অধিকার: এটি নির্মাণ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্থাপত্য দিবস ২০২৬ উদযাপন করেছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ।

গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে বিশেষ বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সোনিয়া আফরিন। সার্বিক তত্ত্বাবধান ও সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক সারাহ বাশনীন সূচনা। অনুষ্ঠানটির উদ্যোগ ও সমন্বয়ে ছিলেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম ও সহকারী অধ্যাপক ফারিয়া শারমিন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরিফ নাফে আস-সাবের বলেন, “প্রকৃতির মাঝেই আমরা আমাদের প্রাণ খুঁজে পাই। জলবায়ু সংকট মোকাবেলা ও পৃথিবীকে টিকিয়ে রাখতে এখন সময় এসেছে স্থাপত্যচর্চার ভেতরে প্রকৃতিকে গভীরভাবে সন্নিবেশিত করার।”

অনুষ্ঠানের মূল বক্তা, শতোত্তোর প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত স্থপতি অধ্যাপক মো. রফিক আজম বলেন, “স্থাপত্য কেবল ইট-পাথরের কারিগরি নির্মাণ নয়; এটি মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির এক জীবন্ত মেলবন্ধন। বাংলাদেশে নদী, বন্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করে প্রাকৃতিক গতিপথের সঙ্গে সামঞ্জস্য রেখে নগর পরিকল্পনা করা জরুরি।” মুক্ত আলোচনা পর্বে তিনি শিক্ষার্থীদের বন্যা, নির্মাণসামগ্রীর প্রভাব ও পরিবেশগত সংকটের টেকসই সমাধান নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বি.সি. বসাক এবং রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য অধিদপ্তরের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং প্রকৌশলী শামসুল আলম। আলোচনা পর্ব শেষে স্থপতি মো. রফিক আজম তাঁর রচিত ‘রফিক আজম: জীবন, স্থাপত্য ও নগর’ বইটি বিভাগের গ্রন্থাগারের জন্য উপহার হিসেবে তুলে দেন।

আরও খবর

Sponsered content