প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ৭:১২:১৮ প্রিন্ট সংস্করণ
সামিদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. জাহাঙ্গীর আলমকে শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির টাকা আত্মসাতের মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১ জুলাই) সন্ধ্যায় শুনানি শেষে বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির ৩৭ হাজার টাকা বগুড়া থানা রোডস্থ অগ্রণী ব্যাংক শাখায় পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এই অর্থ শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ন্যায্যভাবে বিতরণ করার কথা থাকলেও সুপার মো. জাহাঙ্গীর আলম তা গোপনে উত্তোলন করে আত্মসাৎ করেন বলে অভিযোগ।
ঘটনার পর মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল ২০২৩ সালের ২৩ মে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পায় বগুড়া সদর ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে ২০২৩ সালের ২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তিনি।
সোমবার ছিল মামলার শুনানির দিন। সুপার জাহাঙ্গীর আলম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলেও বিচারক তা খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী সুলতান মাহামুদ রুবেল বলেন, “সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শুধু অর্থ আত্মসাতই নয়, আরও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগসহ নানা প্রতারণায় তিনি জড়িত।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা মাদরাসার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনার দাবি জানিয়েছেন।





















