আন্তর্জাতিক ডেস্ক ॥ ১৪ অক্টোবর ২০২৫ , ৬:৫৯:২৬ প্রিন্ট সংস্করণ
নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই তার নতুন আত্মজীবনী ‘ফাইন্ডিং মাই ওয়ে’ প্রকাশের আগে এক সাক্ষাৎকারে নিজের মানসিক সংগ্রামের কথা খোলাখুলি জানিয়েছেন। ২৮ বছর বয়সী মালালা বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে গাঁজা খাওয়ার এক রাত তাকে ১৩ বছর আগের সেই ভয়ঙ্কর মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়, যখন তালেবানরা তাকে গুলি করেছিল।
২০১২ সালে মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলার কারণে পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুলবাসে থাকা অবস্থায় তাকে মাথায় গুলি করা হয়েছিল। প্রাণঘাতী অবস্থায় মালালাকে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। মালালা বলেন, “আমার মস্তিষ্ক পুরো ঘটনাটা ভুলে গিয়েছিল। কিন্তু সেই রাতে গাঁজা খাওয়ার পর হঠাৎ সব স্মৃতি ফিরে এলো।”
তিনি জানান, সেদিন সবকিছু বদলে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আবারও সেই ভয়াবহ ঘটনা দেখছেন, যেন তিনি মারা গিয়েছেন এবং পরজগতে আছেন। গাঁজা খাওয়ার পর ঘরে ফেরার পথে মালালা জ্ঞান হারান এবং তার বন্ধুরা তাকে কোলে করে নিয়ে যায়। এরপর আতঙ্ক, ঘুমহীনতা ও উদ্বেগের মতো মানসিক উপসর্গ দেখা দেয়।
থেরাপিস্টের সহায়তায় ধীরে ধীরে মালালা নিজের ভয় এবং স্মৃতির মুখোমুখি হন। তিনি বলেন, “সাহস মানে শুধু বাইরের বিপদের সঙ্গে লড়া নয়, নিজের ভেতরের ভয়কেও জয় করা।”
মালালা জানিয়েছেন, গাঁজা খাওয়ার অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলায় সমালোচনা হতে পারে, কিন্তু তিনি এসবের জবাব দেবেন না। তার নতুন বইয়ে পাঠক তার প্রাপ্তবয়স্ক জীবনের নানা অধ্যায় এবং স্বামী আসার মালিকের সঙ্গে জীবন ও নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ ‘রিসেস’-এর কথাও জানতে পারবেন।














