ধর্ম

আল্লাহর সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ঈমানের অপরিহার্য দাবি —ছারছীনার পীর ছাহেব

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ১০:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য। সেই ইবাদত হতে হবে একনিষ্ঠ, রিয়া বা লোক দেখানো মনোভাব থেকে সম্পূর্ণ মুক্ত এবং পবিত্র কুরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায়। লোক দেখানোর উদ্দেশ্যে করা কোনো ইবাদত আল্লাহ তায়ালার কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, লোক দেখানো ইবাদতে মানুষের জন্য রয়েছে কঠিন শাস্তি ও ভয়াবহ পরিণতি। রিয়ার মাধ্যমে মানুষ ধীরে ধীরে শিরকের অপরাধের দিকে ধাবিত হয় এবং এ ধরনের ইবাদতের কারণে মানুষের সব আমল বরবাদ হয়ে যায়।

পীর ছাহেব কেবলা আরও বলেন, সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যারা বাহবা ও প্রশংসা পাওয়ার নিয়তে ইবাদত করে থাকেন। মনে রাখতে হবে, আমাদের নামাজ, রোজা, হজ, কুরবানি, যাকাতসহ সব ধরনের সমাজকল্যাণমূলক ভালো কাজ হতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ঈমানের একটি অপরিহার্য দাবি।

গতকাল রোববার (২৮ ডিসেম্বর) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন মহিষকাটা খানকায়ে ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিলে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুফতী মাওলানা মো. হায়দার হুসাইন এবং হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

আরও খবর

Sponsered content