আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা ও ইসরায়েলি চাপ মোকাবিলায় কূটনীতি-প্রতিরক্ষায় জোর ইরানের

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ১:৫৫:২১ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কথিত ‘চক্রান্ত’ মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সরকারের ভাষ্যমতে, জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কূটনীতি ও প্রতিরক্ষা দুটি পরস্পরের পরিপূরক এবং আলাদা করা যায় না।

শনিবার এক বিবৃতিতে ইরান সরকার তাদের ভবিষ্যৎ করণীয় ও অঙ্গীকারের কথা তুলে ধরে। রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত ওই বিবৃতিটি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমও প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলার পাশাপাশি সাধারণ ইরানিদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে সরকার। একই সঙ্গে দেশের অভ্যন্তরে জাতীয় ঐক্য ও সংহতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতীয় ঐক্যের বিষয়ে সরকারের এই অবস্থান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। শুক্রবার তিনি জাতীয় সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছিলেন।

এদিকে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য প্রযুক্তি, শিক্ষা ও বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে ইরান সরকার। এসব ক্ষেত্রে অগ্রগতি অর্জনের মাধ্যমে দেশটি ইসলামি বিপ্লবের ঘোষণাপত্রের ‘দ্বিতীয় ধাপ’ বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে চায়।

সরকারের মতে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার উন্নয়ন এবং বিজ্ঞান-প্রযুক্তিতে অগ্রগতি সবগুলো ক্ষেত্রেই সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

আরও খবর

Sponsered content