মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিরামপুর পৌর শহরের টিএন্ডটি অফিসের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাটগামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন।
শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা ছিল এবং শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
নিহত দুজনের মধ্যে একজনের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ সজিব হাসান (২৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার সড়ক দুর্ঘটনায় দুইজনের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




















