রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ ২৪ ডিসেম্বর ২০২৫ , ৭:৫৩:৫১ প্রিন্ট সংস্করণ
নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে পার্বতীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যবই বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসে এক আনন্দমুখর পরিবেশে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মতিয়ার রহমান সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পার্বতীপুর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৭৪টি কিন্ডারগার্টেন স্কুলে এবছর মোট ৩১ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ৬১৪টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হবে।
ইতোমধ্যে বইগুলো কয়েকদিন আগে উপজেলায় পৌঁছেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বই বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলগুলোর বই আগামী ২৮ ও ২৯ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হবে।
আগামী ১ জানুয়ারি ২০২৬ সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পার্বতীপুর উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে ‘বই উৎসব’ উদযাপন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ভিত্তিক বই গ্রহণ, সংরক্ষণ ও তালিকাভুক্তির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত তারিখে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।














