সারাদেশ

এক ইঞ্চি মাটি নদী গর্ভে বিলীন হতে দেব না: কাজী রফিকুল ইসলাম

  মোঃ রাশেদ মিয়া স্টাফ রিপোর্টার, বগুড়া। ২৬ নভেম্বর ২০২৫ , ১২:১৮:৫৯ প্রিন্ট সংস্করণ


বগুড়া–০১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম বলেছেন, “সারিয়াকান্দি–সোনাতলার এক ইঞ্চি মাটিও বাঙালি ও যমুনার গর্ভে বিলীন হতে দেব না।” তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে নদী শাসনের কাজের মাধ্যমে ভয়াবহ নদী ভাঙন রোধ করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ফুলবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা তাঁতিদলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলুর সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম আরও বলেন,
“ধানের শীষ প্রতিটি ভোটারের বিগত ১৭ বছরের গচ্ছিত আমানত। এই ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সারিয়াকান্দি–সোনাতলায় যুবসমাজ, নেতাকর্মী এবং হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল ধর্মের সাধারণ জনগণকে নিয়ে ঐক্য গড়ে তুলবো।”

যুবসমাজকে ভয়াবহ মাদকাসক্তি থেকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

উঠান বৈঠকে আরও বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সুজাউদ্দৌলা সঞ্জু , সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন,  বিএনপি নেতা আখতারুজ্জামান বুলবুল , মোজাম্মেল হক প্রমুখ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি।

নদীভাঙন রোধ, সামাজিক উন্নয়ন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিবেশ সৃষ্টির অঙ্গীকারে এ সভা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

আরও খবর

Sponsered content