শিক্ষা ও শিক্ষাঙ্গন

খালেদা জিয়ার মৃত্যুতে ইউট্যাবের গভীর শোক

  ঢাকা, স্টাফ রিপোর্টার: ৩০ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৮:০৩ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)

সংগঠনটি মনে করে, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি ছিলেন বাংলাদেশের মানুষের কান্ডারি ও অভিভাবক। তার মৃত্যুতে জাতি হারালো এক অভিভাবককে। বাংলাদেশের সার্বিক উন্নয়নে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রহরী এবং দেশপ্রেমের এক অদম্য প্রতীক ছিলেন। তিনি কখনো আপোস করেননি, কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত করেননি। তার সাহস ও আপোসহীন মনোভাব দেশপ্রেমে বলীয়ান ছিল।”

তারা আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত হয়েছিল। বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার মানোন্নয়নে তার অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

শোকবার্তায় ইউট্যাবের নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা করেন, যেন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দেন। একই সঙ্গে তারা তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও খবর

Sponsered content