ফরিদপুর প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৫ , ৫:৪০:৩৫ প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন যুবককে আটক করা হয়।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে সৌদি প্রবাসী টিটু সরদারের পরিত্যক্ত বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিস্ফোরক তৈরির প্রস্তুতি নিচ্ছিল তারা।
আটক তিনজন হলেন—টাঙ্গাইল জেলার আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২৫), চাঁদপুর জেলার নূর মোহাম্মদের ছেলে রাকিব হোসেন (২৪) এবং সুনামগঞ্জ জেলার জালাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিত্যক্ত টিনের ঘরে তারা কয়েকদিন ধরে অবস্থান করছিলেন। বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ২৩টি পেট্রোলবোমা, গানপাউডার, পেট্রোল, অকটেন ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির খবর পেয়ে অভিযান পরিচালনা করি। উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তিনজনকেই আটক করা হয়। তাদের একজনের হাতে আঘাত লাগে। যাচাই শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”




















