আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১৪ নভেম্বর ২০২৫ , ১:১৬:২০ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল কর্মীসহ ৩–৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত সৈকত ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাকিব বলেন, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি হয়। কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. সৌরভ পাইক ও সদস্য মো. সৈকত ইসলামের মধ্যে পূর্বের বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে বাকবিতণ্ডা ও পরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এ সময় সৈকত ইসলাম আহত হন। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন আলী আজমের কক্ষে উভয় পক্ষকে নিয়ে বিষয়টির মীমাংসা করা হয়।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন আলী আজম, শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক রুহুল আমিন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার, কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাকিব, ও সাধারণ সম্পাদক শাওন ফকির।
সভায় অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “ভবিষ্যতে এ ধরনের মারামারি বা বিশৃঙ্খলার ঘটনা যেন কলেজে আর না ঘটে।”




















