সারাদেশ

গণভোট ২০২৬: দেশের চাবি আপনার হাতে, নেত্রকোনা পৌরসভায় জনসচেতনতামূলক প্রচার

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ৭ জানুয়ারি ২০২৬ , ৬:৩০:১৭ প্রিন্ট সংস্করণ

 

নেত্রকোনা পৌরসভায় গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। পৌরসভার বিভিন্ন স্থান ও শহরাঞ্চলের জনবহুল এলাকায় ঝুলানো হয়েছে ব্যানার ও ডিজিটাল বিলবোর্ড, যাতে লেখা রয়েছে—‘দেশের চাবি আপনার হাতে’।

ব্যানারে স্পষ্টভাবে জানানো হয়েছে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাবেন এবং ‘না’ ভোট দিলে কী পাবেন না। স্লোগান ও পোস্টারে জনগণকে ১১টি সংস্কারের বিষয়ে অবহিত করা হয়েছে। এগুলো হলো:

  • তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
  • সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।
  • সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে।
  • বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবে।
  • যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
  • সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে।
  • পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন করে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।
  • দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।
  • মৌলিক অধিকারের সংখ্যা (যেমন—অবাধে ইন্টারনেট ব্যবহার) বৃদ্ধি পাবে।
  • দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।
  • রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে।

ব্যানারে উল্লেখ আছে, ‘হ্যাঁ’ ভোট দিলে ওপরের সব সুবিধা মিলবে; ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না।

গণভোটের প্রচারের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় উদ্যোগে ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম’ সেল খোলা হয়েছে। মুখ্য সমন্বয়কের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ।

নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার জানিয়েছেন, পৌরসভার জনবহুল স্থানে ডিজিটাল ও স্থির বিলবোর্ডের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের বিষয়বস্তু পৌঁছে দেওয়া হবে। এছাড়া মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে জনগণকে সচেতন করা হবে।

তিনি আরও বলেন, বিলবোর্ড ও লিফলেটের মাধ্যমে গণভোটের লোগো, নির্বাচন কমিশনের ব্যালট এবং প্রয়োজনীয় কনটেন্ট যত সম্ভব জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জেলা তথ্য ও সম্প্রচার অধিদপ্তর এবং জেলা সংস্কৃতি বিষয়ক অধিদপ্তর থেকে প্রাপ্ত কনটেন্টও সর্বাধিক স্থানে প্রচার করা হবে।

নেত্রকোনা পৌরসভা জনসচেতনতায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, যাতে ভোটাররা সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

আরও খবর

Sponsered content