সারাদেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ২৫ দিনে ৬৪ কোটি ইউনিটের বেশি উৎপাদন

  প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৪৫:০০ প্রিন্ট সংস্করণ

দেশের বিদ্যুতের বাড়তি চাহিদার সময়ে উচ্চ উৎপাদন ধরে রেখেছে বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র। আগস্টের প্রথম ২৫ দিনে কেন্দ্রটি প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত রামপাল কেন্দ্রের গড় বিদ্যুৎ সরবরাহ ছিল ১ হাজার ৭৩ মেগাওয়াট। কেন্দ্রটির স্থাপিত উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।

এর আগে জুন মাসেও উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে কেন্দ্রটি। ওই মাসে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোট ৮২ কোটি ৭৩ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। জুনে কেন্দ্রটির গড় উৎপাদন ছিল ১ হাজার ১৪৯ মেগাওয়াট।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক খাঁন নোমান শিবলী বলেন, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। উৎপাদনের পাশাপাশি পরিবেশগত সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কেন্দ্রটির মানবসম্পদ ও কারিগরি ব্যবস্থাপনাতেও পরিবর্তন এসেছে। মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, বর্তমানে বাংলাদেশি প্রকৌশলীদের নেতৃত্বেই কেন্দ্রটির অপারেশনাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে ভারতীয় প্রকৌশলীদের কাছ থেকে পাওয়া প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেশীয় প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বর্তমানে ভারতীয় প্রকৌশলীরা পরামর্শকের দায়িত্বে রয়েছেন।

কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী বলেন, জাতীয় গ্রিডের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশগত মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রামপাল কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ধরে রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও কার্যকর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। এসব নিশ্চিত করা গেলে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কেন্দ্রটির অবদান আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।

আরও খবর

Sponsered content