সাংবাদিক রবিউল হোসেন , লালমাই (কুমিল্লা) প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১২:৪৩:২৭ প্রিন্ট সংস্করণ
দক্ষিণ কুমিল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে আধুনিক ও মনোরম পরিবেশে চলছে ছাত্রীদের পাঠদান। শিক্ষার্থীদের জন্য রয়েছে সুপেয় পানির ফিল্টার, সততা স্টোর ও ক্যান্টিন, হলরুম, লাইব্রেরি, বিজ্ঞানাগার, কমনরুম, ডিজিটাল ল্যাব, ফল ও ফুলের বাগান এবং নামাজের সুব্যবস্থা।
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের শেষ ঘণ্টায় চলছে গ্রুপ ক্লাস। ৬ জনের একটি দলে একজন গ্রুপ লিডারের নেতৃত্বে রিডিং, রাইটিং ও লিসেনিং দক্ষতা বৃদ্ধির কার্যক্রম চলছে। এতে শিক্ষার্থীরা সমানভাবে মনোযোগী হচ্ছে এবং পড়াশোনার প্রতি আগ্রহও বেড়েছে।
বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ক্লাসে মনোযোগী পাঠদান নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করার প্রচলন শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী হয়ে উঠেছে।
১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী স্বর্ণা বলেন, “একজন ছাত্রী হিসেবে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস অনেক উপযোগী। আমাদের শিক্ষকরা অনেক মানসম্পন্ন, তারা এমনভাবে পড়ান যে মনে হয় আমরা বাবা-মায়ের কাছেই পড়ছি। এই বিদ্যালয়ে যারা আসবে, তারা অনেক উপকৃত হবে।”
স্থানীয় শিক্ষানুরাগী মহল মনে করছেন, বিদ্যালয়ের এ উদ্যোগ ও পরিবেশ ভবিষ্যতে আরও বেশি ছাত্রীকে মানসম্মত শিক্ষার দিকে আকৃষ্ট করবে।















