আন্তর্জাতিক

গাজায় স্ত্রী-কন্যাসহ হামাসের শীর্ষ নেতা নিহত

  প্রতিনিধি ১৭ মে ২০২৬ , ১২:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। তার সঙ্গে স্ত্রী ও ১৯ বছর বয়সী কন্যাও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

এর আগে বিমান হামলা চালিয়ে হামাসের ওই শীর্ষ নেতাকে হত্যার দাবি করে ইসরায়েল। পরে হামাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইজ্জ আল-দিনের সঙ্গে তার স্ত্রী-কন্যাও নিহত হয়েছেন। বিবৃতিতে ১৯৭০ সালে জন্ম নেওয়া ইজ্জ আল-দিনকে হামাসের সামরিক অভিযানের একজন কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত অক্টোবরে ইসরায়েল ও হামাস এক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। ওই চুক্তির আওতায় দুই পক্ষই হামলা বন্ধের প্রতিশ্রুতি দিলেও যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ নেতাকে হত্যা করে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, গত শুক্রবার গাজা নগরীর একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, ওই দিন ছিল ফিলিস্তিনের নাকবা দিবসের ৭৮তম বার্ষিকী। ১৯৪৮ সালে একতরফা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়েছিল। প্রতিবছর এ দিনটি স্মরণে ফিলিস্তিনিরা নাকবা দিবস পালন করে।

শনিবার গাজার মধ্যাঞ্চলের আল-আকসা শহীদ মসজিদে ইজ্জ আল-দিন, তার স্ত্রী ও কন্যার জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বাস্থ্যসেবা সূত্র জানায়, শুক্রবার ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত দুটি হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন নারী ও দুটি শিশু রয়েছেন। হামলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে করা হয়, যেখানে হামাসের শীর্ষ নেতা সপরিবারে নিহত হন।

আরও খবর

Sponsered content