আন্তর্জাতিক

বেলুচিস্তানে একযোগে হামলা–অভিযান: নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ৩৩, ৯২ সশস্ত্র সদস্য নিহতের দাবি

  অনলাইন ডেস্ক ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৩:২০ প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯২ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) শনিবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসপিআরের দাবি অনুযায়ী, ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের সমন্বিত হামলার পর বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় ব্যাপক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ পরিচালনা করা হয়। এতে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ মোট ৯২ জন সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়, তথাকথিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সংগঠনের সদস্যরা ৩১ জানুয়ারি কোয়েটা, মাসতুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গ্বাদর ও পাসনি এলাকায় একযোগে একাধিক হামলা চালায়। এসব হামলায় পরিকল্পিতভাবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করা হয়, যাতে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হন।

আইএসপিআর আরও জানায়, গ্বাদর ও খারান এলাকায় সাধারণ মানুষের ওপর চালানো হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রদেশজুড়ে অভিযান শুরু করে।

এদিকে বেলুচিস্তানজুড়ে এসব হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্য নিহত হওয়ার দাবিও করেছে।

আরও খবর

Sponsered content