আন্তর্জাতিক

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১১:১২:৩৪ প্রিন্ট সংস্করণ

ইউক্রেনকে ব্রিটিশ তৈরি ড্রোন সরবরাহের ঘটনায় যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির অভিযোগ, ইউক্রেনকে ড্রোন সরবরাহের মাধ্যমে ব্রিটেন ইচ্ছাকৃতভাবে যুদ্ধের উত্তেজনা বাড়াচ্ছে। যুক্তরাজ্যের তৈরি ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন সামরিক ও শিল্প স্থাপনায় হামলা চালানো হয়েছে— এমন তথ্য নিশ্চিত হওয়ার পর মস্কো এ সতর্কবার্তা দিয়েছে।
যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ব্রিটেন এভাবে ‘রক্তাক্ত অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী ও সহঅপরাধী’ হিসেবে কাজ করছে। এতে আরও বলা হয়, লন্ডনের কর্মকাণ্ডের ‘অনিবার্য পরিণতি’ রয়েছে এবং এর জন্য যুক্তরাজ্যকে জবাবদিহি করতে হবে। সংঘাতে ব্রিটেনের সম্পৃক্ততা যত বাড়বে, তাদের ‘মূল্যও তত বেশি দিতে হবে’ বলে সতর্ক করেছে মস্কো।
তবে রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ব্রিটেন ইউক্রেনের পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন ও যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের পাশে থাকার বিষয়ে ব্রিটিশ সরকারের দৃঢ় অবস্থান নিয়ে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘অবৈধ আগ্রাসন’ থেকে আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
দুটি পৃথক ব্রিটিশ কোম্পানির তৈরি এসব ড্রোন রাশিয়ার ভেতরে সামরিক ও শিল্প স্থাপনায় হামলায় ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেল শোধনাগার ও অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামও রয়েছে।

ইউক্রেনের দাবি, রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে পরিচিত ওয়াইল্ডবেরিজের ১০টি বৃহত্তম লজিস্টিক কেন্দ্রের মধ্যে সাতটি হামলায় অচল হয়ে গেছে। এক সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, এসব হামলায় ব্রিটিশ ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে ৩৫ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও বলেছেন, ব্রিটিশ উপাদান ও প্রযুক্তি ব্যবহার করে তৈরি ড্রোন দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রোস্তভ অঞ্চলের কামেনস্কি জেলার একটি জ্বালানি ডিপোও রয়েছে।
এদিকে রাশিয়ার হুঁশিয়ারির মধ্যে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ায় ড্রোন হামলা অব্যাহত রয়েছে। সোমবারের এক হামলায় নয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
এর আগে শনিবার রাতে ইউক্রেন রাশিয়ার দিকে প্রায় ৮২২টি ড্রোন ছুড়েছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে প্রায় ৬০০টি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়। ওই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ড্রোন হামলা বলে মন্তব্য করেছেন মস্কোর আঞ্চলিক গভর্নর। হামলায় রাশিয়াজুড়ে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
একই রাতে ইউক্রেনে রুশ হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি আহত হন।
চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনকে কয়েক হাজার ড্রোন সরবরাহের ঘোষণা দেয়। এর মধ্যে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম ড্রোনও রয়েছে। এটি ইউক্রেনকে ব্রিটেনের সবচেয়ে বড় ড্রোন সরবরাহ প্যাকেজ।

আরও খবর

Sponsered content