আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, প্রাণহানি বেড়ে ১১১

  প্রতিনিধি ১৫ মে ২০২৬ , ১০:৩২:২৪ প্রিন্ট সংস্করণ

ভারতের উত্তর প্রদেশে তীব্র ঝড়, বজ্রপাত ও ভারী বর্ষণের তাণ্ডবে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ২৬ জেলায় এই প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ নেয়। এতে আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ঘরবাড়ি ও গবাদি পশু।

আজ শুক্রবার ভারতীয় সংবাদসংস্থা ইন্ডিয়ান দ্য এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে প্রয়াগরাজ জেলায়। এখানে ২১ জন নিহত হয়েছেন। এছাড়া মির্জাপুরে ১৯ জন, ভাদোহিতে ১৬ জন এবং ফতেহপুরে ১১ জনের মৃত্যু হয়েছে। গাছ উপড়ে পড়ে, দেয়াল ধসে এবং বজ্রপাতে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে।

ঝড়ের তীব্রতায় ভাদোহি ও মির্জাপুর এলাকায় পন্টুন ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গঙ্গার তীরবর্তী প্রায় ২০টি গ্রাম মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনকে দ্রুত ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এছাড়া ফসল ও গবাদি পশুর ক্ষতির জন্যও দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, বায়ুমণ্ডলের নিম্নস্তরে ঘূর্ণিঝড় সঞ্চালন ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই দুর্যোগের সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি ছিল, যা এই সময়ের জন্য অস্বাভাবিক বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে কয়েকটি জেলায় এখনও আবহাওয়া সতর্কতা জারি রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এবং প্রত্যন্ত অঞ্চলের তথ্য এখনও পুরোপুরি না পৌঁছানোয় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content