মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১ নভেম্বর ২০২৫ , ১০:৪৩:১৯ প্রিন্ট সংস্করণ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই মূলমন্ত্রকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায়ী সংগঠনের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। তিনি বলেন,“সমবায় দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। আমাদের দায়িত্ব হলো সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মকে এতে সম্পৃক্ত করা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার, এবং সঞ্চালনা করেন সাংবাদিক আলাউদ্দিন আল রনি।
বক্তারা বলেন, “সমবায় জনগণের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। গ্রামীণ অর্থনীতি ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায়ের বিকল্প নেই।”
এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার ফয়সল আহমেদ চৌধুরী, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ সালমান, স্থানীয় সাংবাদিক ও সমবায়ী সংগঠনের প্রতিনিধি।
আলোচনা শেষে সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।





















