জাতীয়

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচী

  নিজস্ব প্রতিবেদক, দৈনিক মতপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০৬:৪৯ প্রিন্ট সংস্করণ


দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন। একই দিনে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।

আজ বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন সরকারের কর্মসূচি শুরু হবে।

জাতীয় স্মৃতিসৌধ

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে পৌঁছাবেন এবং প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ দপ্তরে প্রথম কর্মদিবস শুরু করবেন।

বাংলাদেশ সচিবালয়

দায়িত্ব গ্রহণের পর প্রথমেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। দুপুরে মধ্যাহ্নভোজের পর বেলা ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন। এটি হবে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক নীতিনির্ধারণী আলোচনা।

বিকাল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সরকারের অগ্রাধিকার ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্বাচনের ফলাফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—৬৮টি। বাকি আসনগুলোতে বিভিন্ন জোট, দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এবারের নির্বাচনে বিজয়ীদের মধ্যে প্রায় ১৫০ জন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নতুন সরকারের প্রথম দিন ঘিরে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয়, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়।

আরও খবর

Sponsered content