প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ২:৫২:০৮ প্রিন্ট সংস্করণ
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালে শিক্ষার্থীদের নিয়ে একটি স্কুল ভ্যান রেললাইন পার হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, সে সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। ভ্যানটি রেললাইনে ওঠার সঙ্গে সঙ্গেই দ্রুতগতির নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ট্রেনের ধাক্কায় স্কুল ভ্যানটি দুমড়েমুচড়ে রেললাইনের ওপর পড়ে রয়েছে।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার কিছুক্ষণ আগে আপ লাইনে একটি ট্রেন যাওয়ার সময় রেলক্রসিংয়ের গেট বন্ধ ছিল। ওই ট্রেন চলে যাওয়ার পর গেটম্যান গেট খুলে দেন। কিন্তু পাশের লাইনে আরেকটি ট্রেন আসলেও গেটটি পুনরায় বন্ধ করা হয়নি। এই অবহেলার কারণেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি তাদের।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। স্কুল ভ্যানটি রেললাইন পার হওয়ার সময় নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দেয়।
ঘটনার পর গেটম্যানের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।





















