প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ৩:৫৬:১৬ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে জুয়া খেলার নেশা মেটাতে ১৪ জন পুরুষকে বিয়ে করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীর এক বছরের কারাদণ্ড হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ২ লাখ ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে ওই নারীকে নির্দেশ দিয়েছেন আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম জিয়াইং চেন। ৩৩ বছর বয়সী চেন অনলাইনে পুরুষদের সঙ্গে পরিচিত হয়ে দ্রুত বিয়ের প্রস্তাব দিতেন। বিয়ের পর তিনি তাদের কাছে অর্থ চাইতেন। কখনো চীনে অসুস্থ পরিবারের সদস্যের চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন বলে দাবি করতেন। অর্থ পাওয়ার পরই যোগাযোগ বন্ধ করে দিতেন।
গত ৬ অক্টোবর ক্লার্ক কাউন্টি ডিটেনশন সেন্টারে চেনকে প্রায় এক বছর কারাভোগের নির্দেশ দেন বিচারক ক্রিস্টাল এলার। ইতিমধ্যে কারাগারে কাটানো সময় তার সাজা থেকে বাদ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ২ লাখ ৮০ হাজার ডলার ফেরত দিতে হবে তাকে।
বিচারক জানান, চেনের জুয়ায় আসক্তির চিকিৎসা এবং ভবিষ্যতে অন্য কেউ যাতে তার প্রতারণার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তার কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন বিচারক।
আদালতের নথি অনুযায়ী, ২০১৯ সালের মার্চ থেকে ২০২৪ সালের মে পর্যন্ত চেন ক্লার্ক কাউন্টির বিবাহ লাইসেন্স দপ্তর থেকে সাতটি বিয়ের সনদ সংগ্রহ করেন। ২০২৪ সালে বহুবিবাহ ও চুরির অভিযোগে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পান তিনি। পরে ‘ভিকি লিয়াং’ ছদ্মনাম ব্যবহার করে আরও সাতটি বিয়ের সনদ সংগ্রহ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত এক বছরে লাস ভেগাসের উইন ক্যাসিনোতে জুয়া খেলে ৩ লাখ ডলারের বেশি হারিয়েছেন চেন। তদন্তকারীদের ধারণা, পুরুষদের কাছ থেকে নেওয়া অর্থের বড় অংশই জুয়া খেলায় ব্যয় করেছেন তিনি।















