মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২১:১১ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল-এর পক্ষে ২৮টি চা বাগানের শ্রমিকদের ব্যাপক সমর্থনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চুনারুঘাট উপজেলার ২৩টি এবং মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের হাজার হাজার নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। শ্রমিকরা ব্যানার, ফেস্টুন, ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল করে সমাবেশস্থলে প্রবেশ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল, বিশেষ অতিথি সৈয়দ শাফকাত আহমেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং চা বাগান কমিটির সদস্যরা।
বাগান নেতৃবৃন্দ বলেন, “এর আগে এত বড় পরিসরে চা বাগানভিত্তিক কোনো রাজনৈতিক সমাবেশ হয়নি। এবার ২৮টি চা বাগানের প্রায় ৭৫ হাজার ভোটার একত্রিত হয়েছেন। দলমত নির্বিশেষে চা শ্রমিকরা নিজেদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
লস্করপুর ভ্যালির সভাপতি রাবিন্দ্র গৌড় বলেন, “চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তার সংকটে ভুগছে। আমরা আজ একত্র হয়েছি আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। ব্যালটের মাধ্যমেই আমরা আমাদের অবস্থান প্রমাণ করব।”
শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে প্রার্থী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, “চা শ্রমিকদের প্রধান সমস্যা হলো নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা। নির্বাচিত হলে এসব খাতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করা হবে। বাগান এলাকায় উন্নত চিকিৎসা ব্যবস্থা, স্কুল-কলেজ স্থাপন এবং রাস্তাঘাট উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় পাশে থাকব।”
বিশেষ অতিথি সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “আমি চা শ্রমিক ভাই-বোনদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। তাদের দারিদ্র্য দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।” তিনি শ্রমিকদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে স্লোগানসহ একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চা বাগানভিত্তিক ভোটারদের এই ঐক্যবদ্ধ অবস্থান হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।




















